গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির জিপসি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল। ঘটনায় একজন মহিলা পর্যটক প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। আরো চার পর্যটককে গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছোট গাড়িতে মোট দুইজন ছিলেন । জখম হন তারাও।
রবিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ি আচমকাই সামনে থাকা একটি ট্রাক কে ওভারটেক করে জিপসি টির সামনে চলে আসে। সজোরে ধাক্কা লাগে দুই গাড়ির। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জিপসির পর্যটকেরা। স্থানীয় পথচারীদের উদ্যোগে তাদের উদ্ধার করে পরবর্তীতে মেটিলি থানার পুলিশ জলপাইগুড়িতে পাঠায়। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া পুলিশ ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন। রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেশ কুমার পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন। তিনি বলেন, "অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা।"
এদিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যখন সকলকে নিয়ে যাওয়া হয় তখনই চিকিৎসকেরা প্রতিমা দে (৬৩) নামের এক পর্যটককে মৃত বলে ঘোষণা করে দেন। তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।
7:34 PM | 0
comments
